হাঙ্গেরির প্রধানমন্ত্রী পদত্যাগ দাবিতে বুদাপেস্টে বিক্ষোভ

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বুদাপেস্টের রাজপথে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। শিশু নির্যাতন-কেলেঙ্কারির ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগ দাবি করেন তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০১০ সালে ক্ষমতায় আসার পর অরবান শিশু সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হাই-প্রোফাইল শিশু নির্যাতন-কেলেঙ্কারি তার সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে।

সেপ্টেম্বর মাসে বুদাপেস্টের একটি কিশোর বন্দি শিবিরে নতুন অভিযোগ সামনে আসার পর বিরোধী দল টিআইএসজার নেতা পিটার ম্যাগিয়ারের নেতৃত্বে শনিবার থেকে বিক্ষোভ শুরু হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, শিবিরের পরিচালক এক শিশুর মাথায় লাথি মারছেন।

এই ঘটনার পর চার কর্মীকে হেফাজতে নেওয়া হয় এবং সরকার ঘোষণা করেছে, তারা সব শিশু কেন্দ্রকে সরাসরি পুলিশের তত্ত্বাবধানে রাখবে।

শনিবার বিক্ষোভে হাজার হাজার মানুষ ‘শিশুদের রক্ষা করুন!’ লেখা ব্যানার হাতে রাজপথে হেঁটেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বেশ কয়েক বছর আগের শারীরিক নির্যাতনের মামলার শিকারদের সঙ্গে সংহতি প্রকাশ করতে অনেকেই ছোট ছোট খেলনা ও মশাল বহন করেন।

ম্যাগিয়ারের মাধ্যমে প্রকাশিত ২০২১ সালের একটি সরকারি প্রতিবেদনে দেখা গেছে, রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে এক-পঞ্চমাংশেরও বেশি শিশু নির্যাতনের শিকার হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া ৭৩ বছর বয়সী পেনশনভোগী জসুজা সাজালে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, শিশুদের সঙ্গে যা হচ্ছে তা দেখে আমাদের ক্ষুব্ধ হওয়া উচিত।

অরবানের সরকার অবশ্য জোর দিয়ে বলেছে যে, সন্দেহভাজন শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয়।

এর আগে গত বছর দেশটির প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাকও জনসাধারণের চাপের কাছে নতি স্বীকার করে রাষ্ট্র পরিচালিত একটি বিদ্যালয়ের উপ-পরিচালককে ক্ষমা দেওয়ার ঘটনায় পদত্যাগ করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top