যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের ভবিষ্যৎ গুরুতর হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সাইফুদ্দীন মাইজভাণ্ডারী। তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে গুলি করার ঘটনা প্রমাণ করে—নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চলমান রয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত গাউসুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.)-এর মেজ শাহজাদা হযরত শাহসুফি সৈয়দ আবুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর ৬০তম ওরস শরীফ ও খলিফা সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় সম্মেলনে তিনি আরো বলেন, দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। আইনশৃঙ্খলার অবনতি, বিচারহীনতা এবং সুশাসনের অভাবে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে গণতন্ত্র, জবাবদিহিমূলক শাসন ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধের চর্চা জরুরি। আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথই শান্তি, সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠার পথ। এই পথ অনুসরণ করলেই ধর্মীয় সহনশীলতা, সামাজিক ঐক্য এবং একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
বিএসপি চেয়ারম্যান বলেন, আউলিয়ায়ে কেরামের শান-মান নিয়ে কটূক্তি করা কিংবা তাঁদের মাজার ও ধর্মীয় স্থাপনায় হামলা চালানো সমাজে বিভাজন ও সহিংসতা উসকে দেয়, যা কখনোই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে না।
তিনি বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই জনগণের আস্থা পুনঃ-প্রতিষ্ঠা এবং রাষ্ট্রকে সঠিক পথে ফেরানোর প্রধান উপায়। অন্যথায় এর ভয়াবহ পরিণতি জাতিকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হতে পারে।
অনুষ্ঠানে আওলাদে রাসূল (দ.), শায়খুল ইসলাম হযরত শাহ সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভাণ্ডারী (ক.)-এর রওজা শরীফ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আধুনিক আর্কিটেকচারাল ডিজাইন তুরস্ক থেকে আগত খ্যাতনামা আর্কিটেক্ট ও প্রকৌশলীদের মাধ্যমে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী।



